রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬ বিকাল ০৫:৩২:৩১
বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
নিহত শাহ আলম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন এবং বাড়িতে একাই বসবাস করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে শাহ আলমের স্ত্রী পস্তা বেগম একই গ্রামের আব্দুল জব্বার নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন। এরপর থেকেই আব্দুল জব্বার বিভিন্ন সময় শাহ আলমকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।
নিহতের মামা হারুন মিয়া বলেন, “দুইদিন আগে ভাগিনা শাহ আলম আমাকে বলেছিল, জব্বার তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তখন বিষয়টিকে তেমন গুরুত্ব দেইনি। আজ সকালে শুনলাম ধানক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে আছে। আমাদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
পারিবারিক সূত্রে আরও জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে শাহ আলম স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। শনিবার সকালে বাড়ির পেছনের একটি ধানক্ষেতে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই হাসুয়া দিয়েই শাহ আলমকে জবাই করে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, “এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।”