রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৮ মে ২০২৬ বিকাল ০৫:১৩:১১
রায়পুরে নিজস্ব তহবিলে ১০০ নলকূপ দিচ্ছেন বিএনপি নেতা ফারুক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ। জনপ্রতিনিধি না হয়েও নিজস্ব অর্থায়নে ১০০টি ডিপ টিউবওয়েল স্থাপনের ঘোষণা দিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইউনিয়নের শত শত পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন ফারুক কবিরাজ। সে সময় বিভিন্ন এলাকার মানুষ তার কাছে বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি তুলে ধরে ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি জানান। বিশেষ করে চরাঞ্চল ও গ্রামীণ এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয়দের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফারুক কবিরাজ নিজস্ব তহবিল থেকে ১০০টি ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেন।
ফারুক কবিরাজ বলেন, “নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি। অনেক পরিবারকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। আমি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই এই উদ্যোগ নিয়েছি। জনপ্রতিনিধি না হলেও মানুষের জন্য কাজ করা আমার সামাজিক দায়িত্ব।”
স্থানীয় গৃহিণী রেহানা বেগম বলেন, “আমাদের এলাকায় বিশুদ্ধ পানির খুব কষ্ট। অনেক দূর থেকে পানি আনতে হয়। ডিপ টিউবওয়েল স্থাপন হলে আমরা অনেক উপকার পাবো।”
আরেক বাসিন্দা নাছিমা আক্তার বলেন, “জনপ্রতিনিধি না হয়েও তিনি মানুষের জন্য কাজ করছেন। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের বলেন, “মানুষের প্রয়োজন বুঝে নিজের অর্থায়নে ১০০টি ডিপ টিউবওয়েল স্থাপন করা বড় মানবিক কাজ। এতে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে এগিয়ে আসার এই উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।