রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ সকাল ১১:৪৪:০১
বগুড়ায় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৭
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুরি চক্রের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বগুড়া সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুরাদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ জুলাই বগুড়া সদরের এরুলিয়া এলাকা থেকে খোরশেদ আলম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী সদর থানায় একটি মামলা দায়ের করলে মামলার তদন্তভার দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসের ওপর।
তদন্তের একপর্যায়ে পুলিশ প্রথমে একজন আসামিকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খোরশেদ আলমের চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ওই মামলার সূত্র ধরে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মডেলের আরও পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কেউ মোটরসাইকেল চুরির সঙ্গে সরাসরি জড়িত, আবার কেউ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত।
গ্রেফতারকৃতরা হলেন— লাল মিয়া (২৪), মাসুম (২৬), লিটন (২২), রিফাত (২১), মিলন (২৫), মোহাম্মদ আলী (৩২) এবং সানজিদ (২২)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।