নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৫:১৪
বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত
বাউফল উপজেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির নেতৃত্বে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখে। এ সময় তিনি শিক্ষার্থীদের ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে বিস্তারিত ধারণা দেন। শিক্ষামূলক এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে উপস্থিত শিক্ষার্থীরা আনন্দে উল্লাসিত। তাদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, কৌতূহল ও আনন্দ।
সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জানান, তিনি নির্বাচনে বাউফলবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি নির্বাচিত হলে একক ব্যক্তি নয়, বরং সমগ্র বাউফলবাসীর প্রতিনিধিত্বের প্রতীক হবেন। আগামীর নেতৃত্বের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তুলবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন পরিদর্শনে আনা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে, যা তাদের মেধাবিকাশে সহায়ক ভূমিকা রাখবে এবং আগামীতে তাদের কাজকে আরও সহজ করবে। তিনি সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনে সংসদ সচিবালয় সহযোগিতা করেছে। আগামীতে বাউফলের শিক্ষার্থীদের জন্য এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
ড. মাসুদ এমপি শিক্ষার্থীদের উদ্দেশে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে বলেন, “প্রথমত, নিজেদেরকে মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। তৃতীয়ত, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নেতৃত্বে আসতে হবে।” তিনি বলেন, “আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি তোমরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারো, তবে তোমরাই হবে প্রকৃত সফল মানুষ।” তিনি আরও যোগ করেন, “তোমরা একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত আদর্শ বাউফল গড়তে চাও। এই সংসদ ভিজিট তোমাদের সেই স্বপ্ন পূরণে নতুন অনুপ্রেরণা যোগাবে—ইনশাআল্লাহ।”
সংসদ ভিজিট শেষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অনুভূতি ছিল চোখে পড়ার মতো। বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, “আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাব। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।” একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, “আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো।” বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাফি বলেন, “জাতীয় সংসদে প্রবেশ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেটি পূরণ হয়েছে। আমাদের এমপি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছেন যে তিনি সত্যিই বাউফলবাসীর প্রতিনিধি।” নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তাসিফুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় এমপি মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—বাউফলের এমপি হবে বাউফলবাসী—আজকের এই উদ্যোগের মাধ্যমে সেটি বাস্তবে রূপ নিয়েছে।” একজন অভিভাবক বলেন, “আমার সন্তানের জন্য এটি একটি বিরল অভিজ্ঞতা। এই ভ্রমণ তার জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া সুলতানা বলেন, “সংসদে এসে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। এমপি মহোদয় শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”