মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫২:৫৫
গোপালগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: গর্ভবতী নারীসহ অন্তত ১০ জন আহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গর্ভবতী নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বর্ণি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত এক বৃদ্ধাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন কাতার প্রবাসী রানা মুন্সির গর্ভবতী স্ত্রী মেঘলা খানম (২৮), তার চাচাতো ভাই শাহ জামাল মুন্সি (৪৫), আজাদ মুন্সি (৪২), রুবেল মুন্সি (৪০), লোটাস মুন্সি (৩৮) এবং ৭০ বছর বয়সী শাহনারা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে রানা মুন্সির সঙ্গে তার চাচাতো ভাই ওবায়েদ মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে ওই জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ করছিলেন রানা মুন্সির স্ত্রী মেঘলা খানম। এ সময় ওবায়েদ মুন্সি ও তার লোকজন এসে তাকে মারধর করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়দের দাবি, পরে মেঘলা খানমের চিৎকারে স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
আহত মেঘলা খানম অভিযোগ করেন, জমির সীমানা নিয়ে আদালতের রায় ও গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান হওয়ার পরও প্রতিপক্ষ ওবায়েদ মুন্সি প্রায় ৫০-৬০ জন লোক নিয়ে রামদা, ফুলকুচি ও গরু জবাইয়ের ছুরি দিয়ে হামলা চালায়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।