সাভার প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ রাত ০৯:৫১:৫৬
জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের কাছেই জবাবদিহি করবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের কাছেই জবাবদিহি করবে। জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিতার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত দেশব্যাপী ৫ লাখ বৃক্ষরোপণ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পাঁচ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনের পর ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান (প্রেরিত তথ্যে নাম অসম্পূর্ণ রয়েছে)।
রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এ্যাবের নেতৃবৃন্দ, কৃষিবিদ, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।