নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ দুপুর ০২:১৩:৪৬
গাইবান্ধায় দুদকের পরিচয়ে প্রতারনার অভিযোগ আটক ১
দুদকের শুনানীকে কেন্দ্র করে গাইবান্ধায় সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। দুদকের শুনানীর আগের দিন রবিবার সকালে দুদকের সোর্স পরিচয়ে প্রতারনার অভিযোগে গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যন্ড ফিন্যান্স অফিস থেকে এক প্রতারককে আটক করা হয়েছে।
জেলা অ্যকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী জানান, রবিবার সকালে আটককৃত জাফরুল্লাহ অ্যকাউন্টস অফিসের অফিসে এসে অডিটর কৌশিককে খোজাখুজি করেন এবং অফিস সহায়ক লিমার কাছে অডিটর কৌশিকের মোবাইল নম্বর চেয়ে নেন। তিনি নিজেকে দুদকের সোর্স পরিচয়ে অ্যাকাউন্টস অফিসের অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেয়। পরে দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সাথে মোবাইলে কৌশিকের সঙ্গে কথা বলে দেন।
এ সময় মোবাইলে থাকা দুদকের অজ্ঞাত কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তি কৌশিককে বলেন, তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আছে। বিষয়টি সমাধানের জন্য জাফরুল্লাহর সাথে কথা বলতে বলেন- তিনি। পরে সন্দেহ হলে দুদকের সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে অ্যাকাউন্টস অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে কখনো রংপুর, কখনো দিনাজপুরের বাসিন্দা দাবী করে একেকবার একেক রকম পরিচয় দেন। পরে ভোটার আইডি কার্ডে দেখা যায় জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের বাসিন্দা। বিষয়টি তাৎক্ষনিক জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ প্রশাসন ও দুদকের কর্মকর্তাকে অবগত করা হয়।
খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক জেলা অ্যাকাউন্টস অফিসে আসেন এবং সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানী অনুষ্ঠিত হবে। এই গণ শুনানীকে টার্গেট করে একটি চক্র প্রতারনা কৌশলে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে ধারনা করেন তিনি। বিষয়টি দুদকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।