ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৮ মে ২০২৬ রাত ০৯:১০:০৬
ছাতকে ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার অস্ত্র ও লুণ্ঠিত টাকা
ছাতক থানার মামলা নং-১৩, তারিখ ০৮ মে ২০২৬, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডের আলোকে পরিচালিত অভিযানে এই সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
ঘটনাটি ঘটে গত ৬ মে গভীর রাতে। ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও এলাকার দারাখাই কুন্দানালা ব্রিজের দক্ষিণ পাশে ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল।
ডাকাতরা পিকআপের গ্লাস ভেঙে হাবিব ভেরাইটিজ স্টোরের কর্মচারীদের মারধর করে এবং প্রাণনাশের ভয় দেখিয়ে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা লুট করে নেয়। পরে দোকান মালিক মতিউর রহমান ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ভমবমি বাজার এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের আজির উদ্দিন (৩৩) এবং শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর গ্রামের হোসাইন আহম্মদ (২২)।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শান্তিগঞ্জ উপজেলার ইশাকপুর এলাকায় অভিযান চালিয়ে একটি রামদা, একটি তলোয়ার, মুখোশযুক্ত কালো-লাল হুডি জ্যাকেট এবং লুণ্ঠিত টাকার মধ্যে ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।
উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে—
মুখোশযুক্ত কালো-লাল হুডি জ্যাকেট
২৩.৬ ইঞ্চি লম্বা একটি তলোয়ার
২৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা
নগদ ২৯ হাজার ৫০০ টাকা
পুলিশ জানিয়েছে, ডাকাত দলের আরও সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।