সাভার প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ১০:৫৪:০৯
৮টি গ্যাস কূপ খনন শেষে পর্যায়ক্রমে ঘরে ঘরে গ্যাস পৌঁছাবে: আমান উল্লাহ আমান
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় আটটি নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কূপের কাজ শেষ হলে পর্যায়ক্রমে সারা দেশে ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
শনিবার (১১ জুলাই) বিকেলে সাভারের ফুলবাড়িয়া এলাকায় একটি নদীঘাট উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। নতুন গ্যাস কূপ খনন সম্পন্ন হলে জ্বালানি সরবরাহ আরও শক্তিশালী হবে এবং ধাপে ধাপে সাধারণ মানুষের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। ঢাকা-২ আসনে মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী কালাম, সাধারণ সম্পাদক তপন, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।