নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:৪৩:১৯
নির্বাচনী বিশৃঙ্খলা ঠেকাতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় আয়োজিত এ মহড়ায় নির্বাচনকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে সেনাবাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করা হয়।
মহড়া শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
মহড়ার অংশ হিসেবে হেলিকপ্টারের মাধ্যমে ১০ সদস্যের একটি প্যারা কমান্ডো দল স্টেডিয়াম মাঠে অবতরণ করে। এ সময় সম্ভাব্য সংকটপূর্ণ পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, ঝুকিপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি স্বাভাবিক করার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। বিশেষ করে জেলার প্রত্যন্ত অঞ্চলের কোনো ভোটকেন্দ্রে অস্থিতিশীলতা সৃষ্টি হলে কীভাবে হেলি ড্রপের মাধ্যমে দ্রুত অভিযান পরিচালনা করা হবে, তার বাস্তবসম্মত অনুশীলন দেখানো হয়।
মহড়াটি দেখতে স্টেডিয়াম ও আশপাশের সড়কে শত শত মানুষ ভিড় করেন। হেলিকপ্টার অবতরণ ও কমান্ডো সদস্যদের দ্রুত কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
স্থানীয়রা জানান, এমন মহড়া নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি করবে।
কমান্ডো মহড়া দেখতে আসা আসিফ, হাবিব ও শ্রুতিসহ কয়েকজন দর্শক বলেন, এমন আয়োজন সরাসরি দেখার সুযোগ খুব কমই পাওয়া যায়। হেলিকপ্টার থেকে কমান্ডো সদস্যদের দ্রুত অবতরণ ও তাদের কার্যক্রম দেখে তারা মুগ্ধ হয়েছেন।
তারা আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা তৈরি করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো ঠাকুরগাঁও জেলাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবেই সেনাবাহিনীর এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।