মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৬:৩২:১০
দুঃসাহসিক অভিযানে গোপলা নদী থেকে ডাকাত রজব আলী গ্রেফতার
মৌলভীবাজার সদর থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছে আলোচিত ডাকাত রজব আলী (৪০)। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে ধরতে বিশেষ অভিযান চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর উপজেলার আথানগীরি এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে রজব আলীকে গ্রেফতারের লক্ষ্যে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হঠাৎ তুমুল বৈশাখী ঝড় শুরু হলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে।
পালানোর সময় রজব আলী দৌড়ে পার্শ্ববর্তী গোপলা নদীতে গিয়ে একটি নৌকায় উঠে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা নদীর দুই পাড় থেকে তাকে ঘেরাও করে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য নদীতে ঝাঁপিয়ে পড়ে ধাওয়া অব্যাহত রাখেন।
এদিকে কাগাবালা বাজার এলাকার উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমায় এবং অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
দীর্ঘ চেষ্টার পর অবশেষে পুলিশ সদস্যরা রজব আলীকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযান দলের নেতৃত্বে থাকা এসআই জয়ন্ত সরকার জানান, গ্রেফতারকৃত রজব আলীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি আরও জানান, এএসআই রানা, এএসআই সাইদুর, এএসআই শাহীন ও এএসআই জাহিদসহ ১০ সদস্যের একটি দল দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সফল অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অন্যান্য অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।