শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ১ জুলাই ২০২৬ দুপুর ১২:১৭:৪৫
কসবায় র্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯, সিপিসি-১। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কসবা থানার বায়েক ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি ঘাসক্ষেতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে র্যাব-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল বিকেল ৪টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে ঘাসক্ষেতে পড়ে থাকা লাল রঙের তিনটি প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় ঘটনাস্থলে কোনো মাদক কারবারিকে পাওয়া যায়নি। র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া ৮৪ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা।