রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ বিকাল ০৩:৫৮:১৭
বগুড়ায় ডিবির অভিযানে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশা ও ইজিবাইক চালক ছিনতাইকারী একটি সক্রিয় চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি ছিনতাইকৃত অটোরিকশা/ইজিবাইক, ২টি ওয়াকিটকি, ১টি প্রাইভেটকার এবং মোট ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, সম্প্রতি বগুড়া সদর থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। অভিযোগে বলা হয়, এক অটোরিকশা চালককে কৌশলে ডেকে নিয়ে তার ইজিবাইক ছিনতাই করা হয়। ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
এরই ধারাবাহিকতায় ৫ মে ২০২৬ তারিখে বগুড়া সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করে একাধিক স্থানে একযোগে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চুরি হওয়া যানবাহন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা ও ইজিবাইক চালকদের টার্গেট করে ছিনতাই করে আসছিল বলে স্বীকার করেছে। তারা সাধারণত যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালকদের মারধর বা ভয়ভীতি প্রদর্শন করে যানবাহন ও মোবাইল ফোন ছিনিয়ে নিত।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।