জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ১২ মে ২০২৬ বিকাল ০৪:৪৬:১০
মৌলভীবাজারে বাস আটকে রাখার প্রতিবাদে হবিগঞ্জে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে তার লোকজন শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটকে রাখছেন। গত দুই দিনে প্রায় ৩৫ থেকে ৪০টি বাস সেখানে আটকা পড়েছে। এছাড়া প্রায় দুই শতাধিক শ্রমিক অনিরাপদ অবস্থায় রয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতে হবিগঞ্জ মোটর মালিক সমিতির জরুরি সভায় বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, “সকালে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। তাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি দুপুর ২টার দিকে মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন।”
এদিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে তারা জানতে পারছেন বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় শায়েস্তাগঞ্জ যাচ্ছেন। সেখান থেকে অন্য যানবাহনে গন্তব্যে রওনা দিচ্ছেন। এ সুযোগে সিএনজি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।