নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ সকাল ১১:৫৩:৩০
টেকনাফে ইজিবাইক থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় এক মাদককারবারিকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার ১২ মে বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলার লেদা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে।
রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করা হয়। এসময় ইজিবাইক থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
আটক ব্যক্তি মো. আরাফাত উদ্দিন (২০)। তিনি কক্সবাজার সদরের খুরুশকুল দক্ষিণ ডেইল পাড়া এলাকার বাসিন্দা।
জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানায়, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।