বকশীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ রাত ০৬:১৬:৫৮
বকশীগঞ্জ সীমান্তে উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বকশীগঞ্জ থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
জানা গেছে, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা বাবু চন্দ্র বর্মণের ছেলে ষষ্টী চন্দ্র বর্মণ প্রায় আড়াই মাস আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।
বুধবার (১০ জুন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধানুয়াকামালপুর ও রামরামপুর সীমান্ত দিয়ে দুই দফায় তাকে বাংলাদেশে পুশইন করে বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে পুশইনের বিষয়টি নিয়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
একপর্যায়ে বিজিবি উদ্ধার হওয়া ব্যক্তিকে বকশীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তার পরিচয় যাচাই-বাছাই করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে তার ছোট ভাই সুমন বর্মণসহ পরিবারের তিন সদস্য বকশীগঞ্জ থানায় উপস্থিত হন।
পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য ও ঠিকানা যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ষষ্টী চন্দ্র বর্মণকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “উদ্ধার হওয়া ব্যক্তিকে থানায় আনার পর তার পরিচয়, ঠিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।”