অবৈধ দোকান সম্প্রসারণকে কেন্দ্র করে হামলা, পেটে ১২টি সেলাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মে ২০২৬ সকাল ১০:২০:৪১
সান্তাহারে ছুরিকাঘাতে বিএনপি নেতা ইকবাল হোসেন আহত
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের রেলগেট এলাকায় অবৈধ দোকানের জায়গা বৃদ্ধি করাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সান্তাহার পৌর বিএনপি’র সহ-সভাপতি ইকবাল হোসেন।
শনিবার (২ মে) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইকবাল হোসেন রেলওয়ে সুইচ কেবিনের পাশে বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় রেলগেট এলাকার একটি পুরাতন নর্থ কেবিনের পশ্চিম পাশে অবৈধ দোকান সম্প্রসারণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে তিনি ঘটনাস্থলে যান।
একপর্যায়ে কথা কাটাকাটির জেরে এক সন্ত্রাসী ইকবালের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গুড্ডু এহসান জানান, চিকিৎসকরা জানিয়েছেন ইকবাল হোসেন বর্তমানে আশঙ্কামুক্ত। তার পেটে ১২টি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।