মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১ আগস্ট ২০২৬ রাত ০৯:৪৬:৩২
গণঅভ্যুত্থান দিবসে গঙ্গাচড়ায় জামায়াতের মিছিল, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা ডাকবাংলো চত্বর থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমির তাজ উদ্দিন বলেন, “এক ফ্যাসিবাদ চলে গেছে। আমরা চাই না আরেকটি ফ্যাসিবাদ ফিরে আসুক। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
উপজেলা জামায়াতের আমির মো. নায়েবুজ্জামান বলেন, “আবু সাঈদ, মুগ্ধসহ যারা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের চেতনা যেন নষ্ট না হয়। নতুন করে বৈষম্য সৃষ্টি হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে। রংপুরের প্রতি বৈষম্য অব্যাহত থাকলে উত্তরবঙ্গের মানুষ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “দেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।”
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।