জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ৯ মে ২০২৬ দুপুর ০১:৫৩:৩৪
নেত্রকোণায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ৩৮ বোতল মদসহ যুবক আটক
নেত্রকোণার পূর্বধলায় গভীর রাতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জারিয়া মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে সন্দেহজনক তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই এনামুল হোসাইনকে আটক করা হয়।
আটক এনামুল হোসাইন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাসে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।