নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:৫৫
কাউনিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের খণ্ড উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া এলাকার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৪০), মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), শাহআলম (৩৮), হেকমত আলী (৩৫) ও শাহরিয়ার রাকিব (২৬)। তাদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের পদধারী ও সদস্য রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ৮, তারিখ ১২ নভেম্বর ২০২৬। পুলিশের দাবি, অভিযানের সময় আরও ১০০ থেকে ১৫০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর টেপামধুপুর ইউনিয়নের রাজিব মৌজায় সোহেল রানা (২৩) নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যান।
এসআই রমজান আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় আরেকটি মামলা হয়েছে। মামলা নম্বর ৯, তারিখ ১২ নভেম্বর ২০২৬।