শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ১ জুন ২০২৬ রাত ১০:৪৭:০৯
মতলবে মারধরের ঘটনায় বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত ছাত্রদল নেতা পলাতক
চাঁদপুরের মতলব পৌরসভা এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মারধরের ঘটনায় আহত আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১ জুন) ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর অভিযুক্ত মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন পাটওয়ারী (২৮) বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোমবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ দীঘলদী গ্রামের আকরাম আলী পাটওয়ারী বাড়িতে গিয়ে নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মান্নান পাটওয়ারী ওই গ্রামের মৃত সিডু পাটওয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন ফার্নিচারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযুক্ত সুমন পাটওয়ারী একই বাড়ির আরব আলী পাটওয়ারীর ছেলে এবং স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
নিহতের স্বজন তাজুল ইসলাম পাটওয়ারী জানান, গত শনিবার (৩০ মে) বিকেলে মান্নান পাটওয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী বাড়ির সামনে নিজের জায়গায় একটি গাছ রোপণ করেন। পরে গাছটি উপড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সুমন পাটওয়ারী তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে এসে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
স্বজনদের দাবি, হামলায় প্রথমে হারুন পাটওয়ারী ও তার স্ত্রী আহত হন। পরে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার সময় আব্দুল মান্নান পাটওয়ারীকেও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের আত্মীয় নান্নু হাওলাদার বলেন, আহতদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মান্নান পাটওয়ারীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন মৃধা অভিযোগ করেন, ঘটনার সময় সুমন পাটওয়ারী ও তার অনুসারীরা হামলায় অংশ নেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনাটি নিয়ে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযুক্ত সুমন পাটওয়ারীর বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে গেটে তালা ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মান্নান পাটওয়ারী ও সুমন পাটওয়ারীদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মান্নান পাটওয়ারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।