নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৬ সকাল ০৯:৫৪:৫৮
শুক্রবার শ্রীমঙ্গলে উদ্বোধন হতে যাচ্ছে তিন দিনব্যাপী "হারমোনি ফেস্টিভ্যাল" সিজন-২
সিলেট বিভাগের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন এবং ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে আগামীকাল শুক্রবার (১৯ জুন) বিকেল ৩ টায় উদ্বোধন হতে যাচ্ছে তিন দিনব্যাপী "হারমোনি ফেস্টিভ্যাল" সিজন-২ এর আয়োজন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের বর্ণিল জীবন ও মেলবন্ধনের প্রাণের উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এনডিসি মিজ ফাহমিদা আখতার।
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানের করতে এবং স্থানীয় বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতে হারমোনি ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেশের অন্যতম পর্যটন এলাকা শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী মনোমুগ্ধকর এই উৎসবে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র-জাতি-গোষ্টির কালচারাল প্রোগামের পাশাপাশি বিভিন্ন উপকরনের স্টল থাকবে বলে আয়োজকরা জানান।