মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬ রাত ০৭:৪২:০২
শ্রীমঙ্গলে শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬, মহাসড়কে দীর্ঘ যানজট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে শহরজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলে শহরের চৌমুহনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বের কথাকাটাকাটির জেরে হঠাৎ উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, “সংঘর্ষে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী বলেন, “আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হবে।”
এ ঘটনায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন থেকে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ যানজটে শত শত যানবাহন আটকে পড়ে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার এ ধরনের শ্রমিক সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তারা দ্রুত স্থায়ী সমাধান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।