মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৬:৫৮
টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ মেলায় মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।
আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে এ মেলা। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা থেকে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের প্রকৌশলী প্রদীপ মজুমদার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকারসহ অন্যান্যরা।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। পুরনো কৃষি পদ্ধতির পরিবর্তে স্মার্ট কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হবে।”