ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ রাত ০৮:৪১:৪৪
ভৈরবে চলন্ত সিএনজিতে আগুন, নেভাতে গিয়ে মিলল ১৯ কেজি গাঁজা
কিশোরগঞ্জের ভৈরবে একটি সিএনজিচালিত অটোরিকশায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, সেই আগুন নেভানোর সময়ই বেরিয়ে আসে এক অবাক করা তথ্য। অটোরিকশাটির ভেতরে পাওয়া যায় ১০টি পোটলায় মোট ১৯ কেজি গাঁজা।
বুধবার (২২ এপ্রিল) সকালে ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা চন্ডিবের এলাকা দিয়ে যাচ্ছিলো, হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। চালক তড়িঘড়ি করে গাড়িটি রাস্তার পাশের একটি পতিত জমিতে নামিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নেভানোর পর চালক অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যান।
চালকের এই রহস্যজনক পলায়নে স্থানীয়রা গাড়ির কাছে গিয়ে দেখতে পান ইঞ্জিনের পাশে একটি ছেঁড়া প্যাকেটসহ মোট ১০টি প্যাকেট, যার মধ্যে বিপুল পরিমাণ গাঁজা ছিল। দ্রুত স্থানীয়রা '৯৯৯' নম্বরে কল করে পুলিশকে জানালে, ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদকসহ সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, "আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেখান থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটির কোনো নম্বর প্লেট ছিল না। তবে গাড়ির চেসিস নম্বর ব্যবহার করে মালিক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।" তিনি আরও জানান, "এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
এ ঘটনায় ভৈরব শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক বিরোধী অভিযান আরও জোরালো হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।