শাহপরান, কসবা আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৬ দুপুর ১২:৩৫:২৩
ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি ১৬ কেজি গাঁজা উদ্ধার, আখাউড়ায় র্যাবের অভিযানে লোকোমাস্টার আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কন্টেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি দল অভিযান পরিচালনা করে।
র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ট্রেনটির ইঞ্জিনে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর তল্লাশি চালাতে গেলে লোকোমাস্টার প্রথমে বাধা দেন এবং র্যাব সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন। পরে অতিরিক্ত সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালানো হলে একটি বস্তার ভেতর থেকে ৮টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক ওজন ১৬ কেজি। এছাড়া একটি স্কফের বোতলও জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর থেকেই র্যাব সদস্যরা লোকোমাস্টারকে তল্লাশির বিষয়টি অবহিত করেন। কিন্তু তিনি সহযোগিতা না করে উত্তেজিত আচরণ করেন। পরে অতিরিক্ত র্যাব সদস্য এসে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে রাত ১২টা ৪৫ মিনিটে নতুন একজন লোকোমাস্টারের দায়িত্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, আটক লোকোমাস্টারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানের সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্টেশন মাস্টার নুরুন্নবী উপস্থিত ছিলেন।