রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ রাত ১০:২৭:৩৪
রাজবাড়ী রেলস্টেশনে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু, ৮০ বছর বয়সী বৃদ্ধের পরিচয় খুঁজছে পুলিশ
রাজবাড়ী রেলস্টেশনে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর পরও তার কোনো নিকট আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ জুন (বুধবার) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে রাজবাড়ী রেলস্টেশনে অবস্থানরত এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হওয়ার সময় ওই ব্যক্তি নিজের নাম আমির হামজা (৮০), পিতা মৃত আব্দুল মোতালেব, ঠিকানা সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ বলে পরিচয় দেন।
চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেল ৩টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের পক্ষ থেকে তার স্বজনদের খোঁজ করার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনও তার পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। ফলে মরদেহটি বর্তমানে অজ্ঞাতনামা (অসনাক্ত) হিসেবে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজবাড়ী পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। উল্লেখিত বয়সের কোনো ব্যক্তির নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি), মামলা বা অভিযোগ কোথাও হয়ে থাকলে কিংবা তার কোনো আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া গেলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতাল অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মরদেহের পরিচয় শনাক্ত এবং স্বজনদের খুঁজে বের করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছে।