কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬ রাত ০৯:২৩:৫৫
কালকিনিতে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার একটি দল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড় চর কয়ারিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সুমন হাওলাদার (২৮), পিতা মঞ্জু মিয়া হাওলাদার এবং রানা হাওলাদার (২২), পিতা মৃত ইসমাইল হাওলাদার। তাদের উভয়ের বাড়ি কয়ারিয়া ইউনিয়নের বড় চর কয়ারিয়া গ্রামে।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।