মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৪ মে ২০২৬ বিকাল ০৩:৫৮:২১
র্যাব-৯ এর অভিযানে কুলাউড়ায় মাদকসহ গ্রেফতার ৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৭০ বোতল ইসকফ সিরাপ ও ২৪ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব সূত্রে জানা যায়, রোববার (৩ মে) রাত সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় ৩ জনকে আটক করা সম্ভব হলেও একজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদকদ্রব্য থাকার তথ্য পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭০ বোতল ইসকফ সিরাপ এবং একটি কার্টন থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— আহমদ আলী (২৪), লিয়াকত আলী (২৮) ও আরমান আলী (১৯)। তারা সবাই কুলাউড়া উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।