শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ রাত ১০:১৬:০৮
গঙ্গাচড়ায় তিস্তার মার্জিনাল ডাইকে ধস, ঝুঁকিতে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকের একটি অংশে হঠাৎ ধস দেখা দিয়েছে। এতে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ ভবনসহ আশপাশের কয়েকটি গ্রাম নতুন করে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় ২০ গজ দূরে তিস্তা নদীর মার্জিনাল ডাইকে এ ধসের ঘটনা ঘটে। ধসের পর ঘটনাস্থলে ভাঙনের আশঙ্কা আরও বেড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, দ্রুত জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হলে ইউনিয়ন পরিষদ ভবনসহ আশপাশের কয়েকটি গ্রাম তিস্তার গর্ভে বিলীন হতে পারে। একই সঙ্গে নদীতীর থেকে প্রায় ৩০০ গজ দূরে থাকা শহর রক্ষা বাঁধ (ওয়াপদা বাঁধ)ও ঝুঁকির মুখে পড়তে পারে। ওই বাঁধ ক্ষতিগ্রস্ত হলে রংপুর শহরসহ বিস্তীর্ণ এলাকায় বন্যা ও প্লাবনের আশঙ্কা তৈরি হবে বলে তাদের দাবি।
এ অবস্থায় দ্রুত জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত অংশ সুরক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে তা ফেলার ব্যবস্থা করা হবে বলে আশা করছি।