কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ রাত ০৭:০৬:৫৭
আখাউড়ায় কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস
আখাউড়া স্থলবন্দর-এ কয়েক কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কাস্টমস কম্পাউন্ডের ভেতরে গর্ত করে এসব পণ্য মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল আতশবাজি, জরদা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্য। কাস্টমস সূত্রে জানা যায়, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা। পণ্য ধ্বংসের সময় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।
বাংলাদেশ কাস্টমস জানায়, বিভিন্ন সময়ে অবৈধভাবে আমদানি এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। দীর্ঘদিন গুদামে সংরক্ষণের পর আইনানুগ প্রক্রিয়া শেষে ধ্বংস কমিটির উপস্থিতিতে এগুলো বিনষ্ট করা হয়েছে।
আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান জানান, জব্দ করা পণ্যের বেশিরভাগই আমদানি নিষিদ্ধ বা ব্যবহার অনুপযোগী। এর মধ্যে আতশবাজি, শাড়ি-লুঙ্গি এবং কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সেগুলো ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ফাহাদ আল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ ইবনে সাদেক এবং কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।