গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫২:৪১
দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনের ঘোষণায় আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণাঞ্চলের আটটি ইউনিয়নে নতুন উপজেলা অনুমোদনের ঘোষণার পর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত জাতীয় প্রশাসনিক পুনর্গঠন-সংক্রান্ত নিকারের ১২১তম সভায় গফরগাঁও উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়ন নিয়ে নতুন "দক্ষিণ গফরগাঁও উপজেলা" গঠনের অনুমোদনের ঘোষণা আসে। এ খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা আনন্দ মিছিল বের করেন। এ সময় মিষ্টি বিতরণ, একে অপরকে শুভেচ্ছা বিনিময় এবং রঙ ছিটিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন পাইথল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী।
এ সিদ্ধান্তে ভূমিকা রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতৃবৃন্দ ও আট ইউনিয়নের বাসিন্দারা।
স্থানীয়দের মতে, নতুন উপজেলা প্রতিষ্ঠার অনুমোদন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিকার সভায় অনুমোদনের পর এখন সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন দক্ষিণ গফরগাঁও অঞ্চলের মানুষ।
উল্লেখ্য, সরকারি প্রশাসনিক কাঠামোয় নতুন উপজেলা কার্যকর হতে নিকারের অনুমোদনের পর সংশ্লিষ্ট সরকারি গেজেট প্রকাশসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।