জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ দুপুর ০১:২৯:২০
নেত্রকোণায় চোরাচালের ১৮ বস্তা ভারতীয় কসমেটিকসহ আটক ২
নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দায় ভোররাতের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হলেও চোরাই চালানের মূলহোতা হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। এসময় চোরাই মালামাল বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
আটকরা হলেন নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হয়রত আলীর ছেলে মো. নাসিম (২৫) এবং একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিক মিয়ার ছেলে মুনির মিয়া (২১)। তাদের একজন পিকআপ চালক ও অন্যজন হেলপার বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাঙ্গামাটিয়া এলাকায় সন্দেহজনক একটি পিকআপের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৮টি বস্তাভর্তি ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে ডাভ শ্যাম্পু, অলিভ অয়েলসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানিয়েছেন, জসীম নামে এক ব্যক্তি মোটরসাইকেলে পিকআপটির পেছনে পেছনে আসছিলেন। তিনি নিজেকে মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে তিনি পালিয়ে যান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, চোরাচালান চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।