ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৮:১৬
ভৈরবে ৭ মাসের শিশুকে হত্যা করলো পিতা, অভিযোগ স্ত্রীর
কিশোরগঞ্জের ভৈরবে বাবা-মায়ের ঝগড়ার বলি হলো সাত মাসের শিশু তানভির আহমেদ মোজাহিদ। ঘটনাটি ঘটেছে ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামে।
এ ঘটনায় নিখোঁজের ৬ দিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডোবা থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভৈরব থানার পুলিশ। শিশুটির মৃত্যুর ঘটনায় অভিযোগের তীর তারই জন্মদাতা পিতা মিরাজ মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মিরাজ মিয়া এবং তার মা রাবেয়া বেগম।
এলাকাবাসী জানায়, গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের মিরাজ মিয়া একজন মাদকাসক্ত। ঘটনার ৭ দিন পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তানভিরকে নিয়ে বাবার বাড়ি চলে যান তাসলিমা। সেখানে গিয়ে শিশুর শরীর খারাপ হলে পরের দিন তার দাদি রাবেয়া বেগম ঔষধ কিনার কথা বলে তাকে বাড়ি নিয়ে আসেন। এরপর মিরাজ মিয়া শিশুটিকে নিয়ে যায় এবং প্রথমে জানায় শিশুটিকে বিক্রি করে দিয়েছে। এই ঘটনায় শিশুর মা তাসলিমা ভৈরব থানায় একটি মিসিং ডায়রি করেন।
আজ সকালে এলাকার কৃষকরা ধানের জমি দেখতে গিয়ে ডোবায় শিশুর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
শিশুর মা তাসলিমা বেগম জানান, “আমার সাথে আমার স্বামীর ঝগড়া হলে আমি আমার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যাই। পরের দিন তার দাদি ঔষধ কিনার কথা বলে আমার সন্তানকে বাড়ি নিয়ে আসে। এর পর থেকেই আমার ছেলে নিখোঁজ। আমার ছেলেকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।”
ভৈরব থানার এসআই রফিকুল ইসলাম জানান, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করি এবং সুরত হাল রিপোর্ট তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।