শাহপরান, কসবা, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬ দুপুর ১২:৩১:৪১
কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারী সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে এ ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
আটক সুমন উপজেলার বিষ্ণাউড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসা এক ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবক সুমন ক্ষুব্ধ হয়ে স্টেশন মাস্টার সফিকুল রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি স্টেশন মাস্টারের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় অফিসের টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ভাঙচুর করা হয়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে। আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হামলার কারণ উদ্ঘাটনে রেলওয়ে পুলিশ কাজ করছে।