মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৪ জুন ২০২৬ রাত ০৮:২৬:৪১
গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত
নিহত সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক সুলাইমানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সুলাইমান নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।