সিনিয়র জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ২৮ জুন ২০২৬ রাত ০৯:৩২:২০
ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
নিহত মাইশা আক্তার নবীনগর উপজেলার বিদ্যাকুট পশ্চিমপাড়া এলাকার মো. আশরাফুল মিয়ার স্ত্রী এবং সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।
পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রোববার সকালে মাইশাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি মডার্ন এক্স-রে অ্যান্ড প্যাথলজি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ এবং জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. পি. বি. রায় সুপ্রিয় তাকে পরীক্ষা করে ট্রাইজোন ইনজেকশন ও নেবুলাইজ করার পরামর্শ দেন।
পরিবারের দাবি, পরে চিকিৎসকের সহকারী সুধাংশু মাইশার শরীরে একটি ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন। তবে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
স্বজনরা অভিযোগ করেন, ভুল চিকিৎসা ও ইনজেকশন প্রয়োগের কারণেই মাইশার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ডা. পি. বি. রায় সুপ্রিয় বলেন, তিনি রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তার চেম্বারে কোনো ইনজেকশন দেওয়া হয়নি। সহকারী সুধাংশু ইনজেকশন দিয়েছেন বলে তিনি পরে জেনেছেন। তার ধারণা, ইনজেকশন নেওয়ার সময় ভয় পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হতে পারে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে অথবা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।