রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৬ মার্চ ২০২৬ দুপুর ১২:১১:৫২
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতার নামে ব্যানার
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আবারও একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক দলীয় কার্যালয়ের সামনে এসে দ্রুত একটি ব্যানার টানিয়ে সেখান থেকে চলে যান।
একজন অটোচালক জানান, কয়েকজন যুবক এসে অল্প সময়ের মধ্যেই
ব্যানারটি টানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ব্যানারটি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি
মোঃ নজরুল ইসলামের নামে টানানো হয়েছিল।
ব্যানারটিতে লেখা ছিল— “আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে, আমরা
ফিরবো।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজবাড়ী জেলা আওয়ামী
লীগের কার্যালয়ে প্রকাশ্যে তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম চোখে পড়েনি। প্রায় ১৮ মাস
পর জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মাঝে মধ্যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কার্যালয়ে
এসে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টানিয়ে আবার স্থান ত্যাগ করছেন বলে স্থানীয়
সূত্রে জানা গেছে। এসব ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে নানা ধরনের জল্পনা-কল্পনা তৈরি
হয়েছে।
আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর খবর পেয়ে থানা পুলিশ
ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে গিয়ে তারা টানানো
ব্যানারটি দেখতে পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রাজবাড়ী সদর সার্কেল।