ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ রাত ০৬:৩৪:৪২
ভাঙ্গুড়ায় মাদক সেবনে যুবককে ৬ মাসের কারাদণ্ড
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর এলাকার মেন্দাকুঠি পাড়া থেকে মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে মেন্দাকুঠি পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আরমান হোসেন (২২) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি মেন্দাকুঠি পাড়া গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, "মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।"