রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ বিকাল ০৫:২৭:১১
টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাভার পৌরসভার জনজীবন
হাঁটুসমান পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন এলাকায় দোকানপাটে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এ এলাকার জলাবদ্ধতা সমস্যা বিদ্যমান থাকলেও এখনো এর স্থায়ী সমাধান হয়নি। তাদের দাবি, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, বর্ষা এলেই একই ধরনের দুর্ভোগের মুখে পড়তে হয়। জলাবদ্ধতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, সাভারের জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সমন্বয়ে দ্রুত কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশ্বাস দেন।
এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা—দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সাভার পৌরসভার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হোক।