কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ রাত ০৭:১৮:৩২
কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে ৩ হাজার হেক্টর ধানের জমি
কিশোরগঞ্জে টানা ভারী বর্ষণে গত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে। অতিবৃষ্টির ফলে জেলার হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, তলিয়ে গেছে প্রায় ৩ হাজার হেক্টর জমি।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক আখতার ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগের দিন মঙ্গলবার জেলায় মাত্র ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আগামীকালও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলেও ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে ভোলায় ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার, ময়মনসিংহে ১১৫ মিলিমিটার, খেপুপাড়ায় ১১৪ মিলিমিটার, কুমিল্লা ও সীতাকুণ্ডে ১০৩ মিলিমিটার এবং নেত্রকোনায় ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বৃষ্টির কারণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিম্নভূমিতে প্রায় সাড়ে নয়শ হেক্টর জমি ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। এতে কাটা ধান শুকাতে না পেরে এবং মাঠে থাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কায় বিপাকে পড়েছেন কৃষকরা।
স্থানীয় কৃষকেরা জানান, হঠাৎ পানির চাপ বেড়ে যাওয়ায় ধান কাটা ও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই কাটা ধান পানিতে ভিজে নষ্ট হচ্ছে।
এদিকে অতিবৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় সবজি ক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী ইতোমধ্যে প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধানের জমি পানির নিচে চলে গেছে। পানি বাড়তে থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।