খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ রাত ০৯:০১:১৮
টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে ৪০ বিজিবি, খাদ্য ও চিকিৎসাসহ নানা সহায়তা
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোদ্ধা এলাকায় ফেনীছড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী, শস্যবীজ এবং চিকিৎসাসেবা দিয়েছে ৪০ বিজিবির পলাশপুর জোন (খেদাছড়া ব্যাটালিয়ন)।
দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিজিবির পলাশপুর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনূল ইসলাম ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও শস্যবীজ বিতরণ করেন।
এ সময় অসুস্থ মানুষের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে শতাধিক পাহাড়ি ও বাঙালি বাসিন্দাকে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহীনূল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিজিবির মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় পলাশপুর জোনের অতিরিক্ত পরিচালক মেজর মো. জাহিন আবদুল্লাহ, সহকারী পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়াসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।