রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ রাত ০৯:৫৭:৪৪
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এনসিপির দাবি, সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা মঞ্চ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে অন্তত চারজন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সময় মঞ্চে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মঙ্গলবার ভোরে এনসিপির ঢাকা উত্তর জেলার সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় বিস্ফোরক আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় সমাবেশে হামলার পেছনে সংঘবদ্ধ একটি নিষিদ্ধ গোষ্ঠীর সম্পৃক্ততার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নূরুল ইসলাম (৫২) এবং সাজীব (৩২)। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।