রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ রাত ১১:২৬:৪৩
বগুড়ার শেরপুরে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ‘বৃক্ষ দেবো ভব’ প্রতিপাদ্যে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে শনিবার (১৮ জুলাই) দুপুর ১টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ প্রাঙ্গণে শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম মাহাবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসাইন।
বক্তারা পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান।