ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:২০:১৩
ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাবনাতলা গ্রামের বাসিন্দা। তিনি কাপুড়িয়া সদরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কী পরিস্থিতিতে তিনি ট্রেনের ধাক্কায় পড়েন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”