নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ বিকাল ০৪:১৫:৫৯
বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব শুরু
উৎসবকে কেন্দ্র করে বারদী আশ্রম ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বুধবার সকালে পূজা-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আশ্রম প্রাঙ্গণ ও বিভিন্ন স্থাপনা আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে, তিরোধান উৎসব উপলক্ষে সাত দিনব্যাপী মেলার আয়োজনও করা হয়েছে। ভক্তদের আবাসন, খাবার ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তীর্থ নিবাসসহ বিভিন্ন স্থানে আগত ভক্তদের থাকার ব্যবস্থা রাখা হয়েছে।
উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার আশ্রম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
পুলিশ সুপার জানান, উৎসবস্থলে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয় শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিসিটিভি নজরদারি, মেঘনা নদীতে নৌ-পুলিশের টহলসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “উৎসবে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।”
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে জানান, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, ঊষাকীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ ও রাজভোগ বিতরণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং সন্ধ্যাকালীন কীর্তন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাধনা ও মানবসেবার মাধ্যমে তিনি আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন। জীবনের শেষ ২৬ বছর তিনি সোনারগাঁয়ের বারদীতে অবস্থান করেন। বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমে তাঁর মহাপ্রয়াণ ঘটে। সেই স্মরণে প্রতিবছর এ সময় তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।