কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ বিকাল ০৫:৩৭:৫৩
কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভে পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
শনিবার (৬ জুন) মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় অবস্থিত জে.এস. নিটিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।
রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে মূল ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরে তারা শান্ত হয়ে যে যার মতো বাসায় ফিরে যান।
কারখানা কর্তৃপক্ষের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মোদাচ্ছের আলী (টুটুল) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ২৪ ও ২৫ মে ঈদুল আজহার আগে ২০ দিনের অগ্রিম বেতন ও ওভারটাইম দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। কর্তৃপক্ষ বারবার বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করলেও তারা কাজে যোগ দেননি। এতে কোম্পানির শিপমেন্ট ও অর্ডার বাতিল হয়ে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৫ মে শ্রমিকদের অগ্রিম ২০ দিনের বেতন বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয় এবং ঈদের ছুটি দেওয়া হয়। তবে ছুটি শেষে ৬ জুন সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানায় জড়ো হয়ে পুনরায় কাজ বন্ধ করে দেন এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
পরিস্থিতি বিবেচনায় ৭ জুন থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, “শ্রমিকরা সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে শান্তভাবে চলে যান। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”