মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:১৮:০৭
জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের মৌলভীবাজার জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
জুলাই বিপ্লবের মহান চেতনা সমুন্নত রাখা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জুলাই আকাঙ্ক্ষার প্রসার ও সংগঠনের কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের মৌলভীবাজার জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ মে) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মহিন পাটোয়ারি এবং সদস্য সচিব মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোয়াজ্জেম হোসেন মাতুককে। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মতিন বকশ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন এনামুল হক রাজা।
সংগঠন সূত্রে জানা যায়, নতুন কমিটি আগামী তিন মাসে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং তৃণমূল পর্যায়ে জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে কাজ করবে।
নবগঠিত কমিটির নেতারা জানান, তারা জুলাই রাজবন্দীদের অধিকার, গণতান্ত্রিক আন্দোলনের চেতনা এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা হবে।
কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।