শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৯:০৩
মতলবে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বাজার বালুরচর এলাকায় পুলিশের অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মানসুরা বেগম (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী রোকন মোল্লা (৬০) পালিয়ে যান।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান-২, এসআই সাদেকুর রহমান এবং এএসআই রবিউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মানসুরার ঘরের খাটের নিচ থেকে ৫০০ গ্রাম এবং পালিয়ে যাওয়ার সময় রোকনের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।