বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ রাত ০৯:২৮:২১
আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে বগুড়ায় কৃষক-ব্যবসায়ীদের অবরোধ
একদিকে বাজারে আলুর দাম কম, অন্যদিকে হিমাগারে সংরক্ষণে বাড়তি খরচ—দুই দিকের চাপে বিপাকে পড়েছেন বগুড়ার আলুচাষি ও ব্যবসায়ীরা। উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে প্রতি কেজি আলুতে উল্লেখযোগ্য ব্যয় হলেও বর্তমানে বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ১৪ থেকে ১৫ টাকা কেজি দরে। এতে লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, হিমাগারে আলু সংরক্ষণের জন্য কতিপয় হিমাগার কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে বেশি ভাড়া নিচ্ছেন। এতে উৎপাদন খরচের পাশাপাশি সংরক্ষণ ব্যয়ও বেড়ে যাচ্ছে। ফলে বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান আরও বাড়ছে।
এ অবস্থায় যৌক্তিক হিমাগার ভাড়া নির্ধারণ ও ভাড়া কমানোর দাবিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকায় মানববন্ধন, সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও সংরক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে হিমাগার ভাড়া নির্ধারণ করা না হলে আলু উৎপাদনে কৃষকদের আগ্রহ কমে যাবে। তাই কৃষকদের স্বার্থে দ্রুত ভাড়া পুনর্নির্ধারণ এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তবে সংশ্লিষ্ট হিমাগার কর্তৃপক্ষের দাবি, ভাড়া কমানো হলে হিমাগার মালিকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষক ও ব্যবসায়ীদের যৌক্তিক দাবি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।